জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘গুপ্ত রাজনীতি’র বিরুদ্ধে দেয়াললিখন কর্মসূচি পালন করেছে ছাত্রদল। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও দেয়ালে স্লোগান লিখে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতা-কর্মীরা।
কর্মসূচির অংশ হিসেবে প্রশাসনিক ভবন, বিজ্ঞান অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, শহীদ মিনার এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ও দ্বিতীয় ফটকের দেয়ালে বিভিন্ন স্লোগান লেখা হয়। এসব স্লোগানের মধ্যে ছিল— ‘গুপ্ত রাজনীতি বন্ধ চাই’, ‘গুপ্ত যাদের অবস্থান, বাড়ি তাদের পাকিস্তান’, ‘ঘরে ঘরে খবর পাঠা, গুপ্ত জাতির লেজ কাটা’ ইত্যাদি।
ছাত্রদল নেতারা অভিযোগ করেন, সাধারণ শিক্ষার্থীদের আড়ালে থেকে একটি গোষ্ঠী বিশেষ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন এবং ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। এসব কার্যক্রম প্রতিহত করতেই তারা এই কর্মসূচি হাতে নিয়েছেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান বলেন, “আমরা গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই। যারা আত্মগোপনে থেকে অপরাজনীতি করে, তারা পরবর্তীতে এর দায়ভার নেয় না। আমরা স্পষ্ট রাজনীতি চাই।”
সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, “যারা গুপ্ত রাজনীতি করে, তাদের গুপ্ত বললেই গায়ে জ্বালা ধরে। দ্বৈত চরিত্র নিয়ে ক্যাম্পাসে রাজনীতি করা যাবে না। আমরা স্বচ্ছ রাজনৈতিক অবস্থান চাই।”
জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ বলেন, “ক্যাম্পাসে কোনো গোপন রাজনীতি আমরা সমর্থন করি না। যারা গোপনে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করে, তাদের বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদ।”
যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন বলেন, একটি রাজনৈতিক গোষ্ঠী গোপন পরিচয়ে থেকে বিভিন্ন অপকর্মে জড়িত হচ্ছে। একই সঙ্গে একাধিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকাও অনৈতিক বলে তিনি মন্তব্য করেন।
দেয়াললিখন কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

