Sunday, November 8

ছাত্রশিবিরের ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেয়াললিখন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগার–সংলগ্ন প্রাচীরে লাল ও কালো রং দিয়ে ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ লিখে কর্মসূচি শুরু করা হয়।

দেয়াললিখন কর্মসূচিতে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, একাত্তরের রাজাকার বাহিনীর উত্তরসূরি দাবি করা কিছু গোষ্ঠী নিজেদের ইসলামিক সংগঠন পরিচয়ে গুপ্ত রাজনীতি করছে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিতিশীলতা তৈরি করছে। তিনি তাদের প্রকাশ্যে রাজনীতি করার আহ্বান জানান।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এই বিশ্ববিদ্যালয়ে গুপ্ত রাজনীতি চালায়, তাহলে তা সাংগঠনিক ও আইনগতভাবে প্রতিরোধ করা হবে।

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম বলেন, গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে কোনো ধরনের গুপ্ত রাজনীতি হতে দেওয়া হবে না। তারা দাবি করেন, ছাত্রশিবির প্রকাশ্যে বাংলাদেশপন্থী রাজনীতি করুক।

এ সময় সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু বলেন, বহুদলীয় গণতন্ত্রে সবাই রাজনীতি করতে পারে, তবে তা হতে হবে স্বচ্ছ ও সত্যনিষ্ঠ। একই সঙ্গে একাধিক সংগঠনের সঙ্গে গোপনে সম্পৃক্ত থাকা নৈতিকতার পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি।

ছাত্রদল জানিয়েছে, আজ চার-পাঁচটি স্থানে দেয়াললিখন কর্মসূচি করা হবে এবং পর্যায়ক্রমে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় কর্মসূচি চলবে।

উল্লেখ্য, মঙ্গলবার চট্টগ্রাম সরকারি সিটি কলেজ-এ গ্রাফিতি ঘিরে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের দাবি অনুযায়ী অন্তত ২০ জন আহত হন।

Leave A Reply


Math Captcha
8 + 2 =