পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে সৌদি আরব পৌঁছেছেন ২০ হাজার ৫৫৩ জন হজযাত্রী। সরকারি-বেসরকারি মোট ৫১টি ফ্লাইটে তারা সেখানে পৌঁছান। হজে গিয়ে নইম উদ্দীন মন্ডল (৭৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
বুধবার প্রকাশিত হজ বুলেটিনে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৮৫৫ জন, সৌদি এয়ারলাইনস-এর ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৫ জন এবং ফ্লাইনাস-এর ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৬৯৩ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছান।
তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ২ হাজার ৮৩০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ১৭ হাজার ৬৯৩ জন। এ পর্যন্ত মারা যাওয়া নইম উদ্দীন মন্ডলের বাড়ি জয়পুরহাট সদর উপজেলাতে।
গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজযাত্রা শুরু হয়। ওই দিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদির উদ্দেশে যাত্রা করে। আগামী ২১ মে পর্যন্ত হজযাত্রী পরিবহন চলবে। ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে এবং শেষ হবে ৩০ জুন।
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭৩ হাজার ৯৩৫ জন।

