মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ীতে বজ্রপাতে নিহত এক যুবকের কবর রাত জেগে পাহারা দিচ্ছেন তার বৃদ্ধ বাবা। লাশ চুরির আশঙ্কায় ঋণ করে লোক রেখেও এই পাহারার ব্যবস্থা চালিয়ে যাচ্ছেন তিনি।
মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার কামারখাড়া সামাজিক কবরস্থানে গিয়ে দেখা যায়, বজ্রপাতে নিহত আরাফাত খান-এর কবরের পাশে বসে আছেন তার বাবা জসিম খান। সন্তানের কবর অক্ষত রাখা এবং লাশ চুরির শঙ্কা থেকেই তিনি রাতভর পাহারা দিচ্ছেন।
জসিম খান জানান, তার ছেলে দর্জির কাজ করে সংসার চালাত। গরুর জন্য ঘাস আনতে গিয়ে বজ্রপাতে মারা যায় সে। মানুষের মুখে শুনেছেন বজ্রপাতে মারা যাওয়া ব্যক্তিদের লাশ চুরির ঘটনা ঘটে। এই ভয় থেকেই তিনি প্রতিদিন কবর পাহারা দিচ্ছেন।
তিনি বলেন, অসুস্থতার কারণে সবসময় নিজে থাকতে পারেন না। তাই ঋণ করে লোক রেখে পাহারার ব্যবস্থা করতে হচ্ছে। এতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। প্রশাসন কবরের নিরাপত্তা দিলে কিছুটা স্বস্তি পেতেন বলেও জানান তিনি।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা বিপু মাতব্বর বলেন, এলাকায় মাঝে মাঝে মরদেহ চুরির গুজব ও আশঙ্কা রয়েছে। বজ্রপাতে মৃতদের দেহের দাম বেশি—এমন কথাও শোনা যায়। এ কারণেই পরিবারটি আতঙ্কে কবর পাহারা দিচ্ছে।
স্থানীয়দের দাবি, বিষয়টি অত্যন্ত মানবিক ও উদ্বেগজনক। তারা প্রশাসনের কাছে কবরস্থানের নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন, যাতে পরিবারটি মানসিক চাপ থেকে মুক্তি পায়।

