Sunday, November 8

উপজেলায় বসার জন্য অফিস পাওয়ার পর যাতায়াতের সুবিধার্থে সরকারের কাছে গাড়ি চেয়েছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার জাতীয় সংসদ-এর অধিবেশনে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, প্রতিটি উপজেলায় ইউএনও ও উপজেলা চেয়ারম্যানের জন্য সরকারি গাড়ি থাকলেও সংসদ সদস্যদের জন্য এমন ব্যবস্থা নেই। ফলে অনেক সময় ভাড়া করা গাড়িতে নির্বাচনী এলাকায় যেতে হয়, যা বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। মানুষের কাছে সহজে পৌঁছাতে একটি সরকারি গাড়ির ব্যবস্থা করার অনুরোধ জানান তিনি।

এর জবাবে স্পিকারের অনুমতিতে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান শুরুতেই সংসদ সদস্যদের জন্য অতিরিক্ত সুবিধা না নেওয়ার নির্দেশ দিয়েছেন। এমনকি সংসদ সদস্যদের ট্যাক্স ফ্রি গাড়ি সুবিধা বাতিলের পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে জ্বালানি তেলের বরাদ্দ ৩০ শতাংশ কমানো হয়েছে এবং সরকারি কর্মকর্তাদের লোন সুবিধাও সীমিত করা হয়েছে। তবে সংসদ সদস্যের দাবির বিষয়ে সরকার ও বিরোধী দলের সঙ্গে আলোচনা করে কোনো ব্যবস্থা নেওয়া যায় কি না—সে বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হবে।

পরে বিরোধী দলের নেতা ড. শফিকুর রহমান আলোচনায় অংশ নিয়ে বিষয়টি বিবেচনার আহ্বান জানান। তিনি রসিকতার সুরে বলেন, “ছোটদের আবদারে সবসময় ‘না’ বলতে নেই।” এতে সংসদে কিছুটা হাস্যরসের পরিবেশ সৃষ্টি হয়।

Leave A Reply


Math Captcha
− 1 = 4