Sunday, November 8

রাজধানীর মতিঝিল এলাকায় এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রগুলোর সামনে বিভিন্ন কোচিং সেন্টারের প্রচারণা চালাতে দেখা গেছে। অভিভাবকদের লিফলেট দেওয়া, হাতপাখা বিতরণ এবং শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ নিয়ে তৈরি হয়েছে অসন্তোষ।

মঙ্গলবার সকাল থেকে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ-এর সামনে এই প্রচারণা লক্ষ্য করা যায়।

উদ্ভাস কোচিং সেন্টার-এর পক্ষ থেকে এইচএসসি ভর্তির অফার দিয়ে লিফলেট বিতরণ করা হয়। শুরুতে লিফলেটের সঙ্গে অভিভাবকদের হাতে হাতপাখা দেওয়া হলেও পরে তা শেষ হয়ে গেলে অনেক অভিভাবক ক্ষোভ প্রকাশ করেন। কেউ কেউ বলেন, সবাইকে না দিলে অল্প কয়েকজনকে দেওয়া ঠিক হয়নি।

এছাড়া প্রচারক দলগুলো লিফলেট দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীর নাম, বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান ও মোবাইল নম্বর সংগ্রহ করছে। এতে অনেক অভিভাবক বিরক্ত হয়ে তথ্য দিতে অস্বীকৃতি জানান। কেউ কেউ এই প্রক্রিয়াকে হয়রানি বলেও উল্লেখ করেন। 😕

শুধু উদ্ভাস নয়, মেন্টরস, সাইফুরস, গ্লোরিয়াস-সহ আরও কয়েকটি পরিচিত ও স্থানীয় কোচিং সেন্টারের ছোট ছোট দলও প্রচারণা চালিয়েছে।

একজন অভিভাবক বলেন, প্রয়োজন হলে শিক্ষার্থীরা নিজেরাই কোচিংয়ের সঙ্গে যোগাযোগ করবে। পরীক্ষার সময় এভাবে তথ্য নেওয়া অযৌক্তিক এবং এতে প্রতারণার ঝুঁকিও রয়েছে।

এদিকে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। মোট ৩০ হাজার ৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে।

Leave A Reply


Math Captcha
9 + 1 =