মঙ্গলবার (২১ এপ্রিল) সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা-র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
জানা গেছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ-কে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় এ আদেশ দেওয়া হয়। গত ২৬ মার্চ এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি মন্ত্রীকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় বাদী হয়ে মামলা করেন হুমায়ুন কবির, যিনি সিরাজগঞ্জ জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক। পরে চলতি মাসের ২ এপ্রিল আদালতে হাজির হতে আমির হামজার বিরুদ্ধে সমন জারি করা হয়।
সিরাজগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার (রফিক সরকার) জানান, মামলার বাদীপক্ষের আইনজীবী হিসেবে তিনি রয়েছেন।
এ ছাড়া একই অভিযোগে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেন এস. এম. নাজমুল ইসলাম। আদালত সেই মামলাটি তদন্তে দিয়েছেন।
গত ১৯ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও হাজির না হওয়ায় বিচারক মঙ্গলবার গ্রেফতারি পরোয়ানা জারি করেন। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ-এর কোনো সদস্যের বিরুদ্ধে এটিই প্রথম গ্রেফতারি পরোয়ানা বলে জানা গেছে।
উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী-র মনোনীত প্রার্থী হিসেবে কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হন মুফতি আমির হামজা।

