Sunday, November 8

ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের আমলে কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্পের নামে লুটপাট ও বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক কাজ করছে বলেও জানান তিনি।

রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদ–এর অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস–এর এক প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী এ তথ্য দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

লিখিত জবাবে মন্ত্রী জানান, বিগত সময়ে ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০’ জারি করা হয়েছিল। এই আইনের আওতায় উন্মুক্ত দরপত্র ছাড়াই বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাব অনুমোদনের সুযোগ তৈরি হয়।

তিনি বলেন, ওই আইনের ৫ ধারার অধীনে গঠিত নেগোসিয়েশন কমিটির মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ নির্ধারণ করা হতো, যেখানে প্রায়ই অন্যায্য মূল্য ও অস্বাভাবিক ক্যাপাসিটি চার্জ নির্ধারণ করা হয়েছে। এতে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ও তাদের আত্মীয়স্বজন জড়িত ছিলেন বলে উল্লেখ করেন মন্ত্রী।

মন্ত্রী আরও জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিতর্কিত বিশেষ বিধান আইনটি বাতিল করে অধ্যাদেশ জারি করা হয়েছে, যা গত ৭ এপ্রিল জাতীয় সংসদে বিল আকারে পাস হয়েছে। ফলে আগের মতো স্বেচ্ছাচারী প্রক্রিয়ায় বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সুযোগ বন্ধ হয়েছে।

লুটপাট ও পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

Leave A Reply


Math Captcha
5 + 5 =