Sunday, November 8

চাকরি পুনর্বহাল এবং সাবেক মালিক এস আলম গ্রুপ–এর হাতে ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবিতে রাজধানীর মতিঝিলে অবস্থান কর্মসূচি পালন করেছেন এস আলম–নিয়ন্ত্রিত পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কয়েক হাজার কর্মকর্তা। একই সঙ্গে বর্তমান পর্ষদকে অবৈধ আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে বিক্ষোভ করেন তারা।

রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে তারা দিলকুশা এলাকায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি–এর প্রধান কার্যালয়ের সামনে জড়ো হন।

আন্দোলনকারীরা জানান, এস আলমের নিয়ন্ত্রণে থাকা পাঁচ ব্যাংকের মধ্যে রয়েছে—ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি এবং গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি।

চট্টগ্রামের পটিয়াসহ বিভিন্ন এলাকা থেকে আসা চাকরিচ্যুত কর্মকর্তারা এই কর্মসূচিতে অংশ নেন। গত দুই দিন ধরে তারা ঢাকায় অবস্থান করছেন এবং শনিবার রাতেও শতাধিক মাইক্রোবাসে করে আরও লোকজন রাজধানীতে পৌঁছান বলে জানা গেছে।

আন্দোলনে অংশ নেওয়া পটিয়ার আল-আমিন বলেন, “আমরা দীর্ঘদিন ব্যাংকে কর্মরত ছিলাম। রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে আমাদের বিনা কারণে চাকরিচ্যুত করা হয়েছে। দ্রুত চাকরি ফেরত দিতে হবে।”

বিক্ষোভকারীদের তিন দফা দাবি হলো—চাকরিচ্যুতদের পুনর্বহাল, এস আলমের হাতে ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়া এবং বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল।

অন্যদিকে একটি গ্রাহক ফোরামের দাবি, ২০১৭ সালে রাষ্ট্রীয় প্রভাব খাটিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি–এর নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ। সেই সময় বিদেশি শেয়ারহোল্ডারদের সরিয়ে দেওয়া হয় এবং পরে বিপুলসংখ্যক নিয়োগে অনিয়মের অভিযোগ ওঠে।

বর্তমান পরিস্থিতিতে ব্যাংকিং খাতে এ ইস্যুকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Leave A Reply


Math Captcha
+ 34 = 43