জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার গুঞ্জন নাকচ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা। তিনি বলেছেন, এ ধরনের খবরের কোনো ভিত্তি নেই এবং এটি নিছক গুজব।
শুক্রবার (১৭ এপ্রিল) জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের বাংলা টক শোতে অংশ নিয়ে তিনি এ কথা জানান।
রুমিন ফারহানা বলেন, এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যে আলোচনা চলছে, তার সঙ্গে ন্যূনতম কোনো সত্যতা নেই। বিএনপি থেকে বহিষ্কারের পর স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে এবং এনসিপিও তাকে দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।
তিনি বলেন, বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর অন্য অনেক দলের পক্ষ থেকেই যোগাযোগ করা হয়েছে। এনসিপিও তাকে দলে যোগ দিয়ে একসঙ্গে কাজ করার প্রস্তাব দিয়েছে। তবে তিনি বিষয়টি গুরুত্ব দেননি।
এনসিপিতে যোগ দিলে সংসদে কথা বলার সুযোগ বাড়বে কি না—এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, শুধু কথা বলার সুযোগের জন্য তিনি কোনো দলে যোগ দেবেন না। তিনি বলেন, কথা বলার জন্য অসংখ্য প্ল্যাটফর্ম রয়েছে এবং নিজের রাজনৈতিক আদর্শ বিসর্জন দিয়ে কেবল সংসদে কথা বলার সুযোগ পাওয়ার জন্য অন্য দলে যোগ দেওয়া তার পক্ষে সম্ভব নয়।

