Saturday, April 18

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে পঞ্চগড়ে দলটির জেলা কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে শহরের বকুলতলা এলাকায় জাগপার জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে।

জাগপার দাবি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে। হামলায় কার্যালয়ের টিনের সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয় এবং ভেতরের চেয়ার-টেবিল ও ব্যানার ভাঙচুর করা হয়।

দলটির নেতারা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে জাগপার মুখপাত্র রাশেদ প্রধানের বক্তব্যের প্রতিবাদে বিকেল ৫টার দিকে বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা এলাকায় পৌঁছালে সেখান থেকে উত্তেজিত কিছু নেতাকর্মী জাগপা কার্যালয়ে ভাঙচুর চালায়। তবে জাগপার কোনো নেতাকর্মীর ওপর হামলা হয়নি বলে দাবি করা হয়েছে।

জাগপা পঞ্চগড়ের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী বলেন, কয়েকশ নেতাকর্মী তাদের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে। তিনি ঘটনার নিন্দা জানিয়ে বিচার দাবি করেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান।

জেলা জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব বলেন, প্রাচীরসহ ভেতরের চেয়ার-টেবিল ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। তবে কোনো নেতাকর্মীর ওপর হামলা হয়নি।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

Leave A Reply


Math Captcha
− 1 = 6