ঢাকা, ১৫ এপ্রিল — রাজধানীর বনানী কাঁচাবাজার এলাকার একটি বহুতল ভবনে আগুনের তীব্রতা বেড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের সঙ্গে আরও তিনটি ইউনিট যোগ করা হয়েছে। বর্তমানে মোট আটটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।
বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানী ১২ নম্বর রোডের ৪৪ নম্বর ভবনের ১১ তলায় আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের ১১ তলায় একটি কাপড়ের গুদাম রয়েছে। মাগরিবের আজানের পর সেখানে আগুন লাগে। প্রথমে আগুনের তীব্রতা কম থাকলেও পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, খবর পাওয়ার পর সন্ধ্যা পৌনে ৭টার দিকে বারিধারা থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট যোগ দেওয়া হয়। বর্তমানে আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

