ঢাকা, ১৫ এপ্রিল — কুয়াকাটায় বিমানবন্দর স্থাপনের বিষয়ে বেসরকারি কোম্পানি ফ্লাইট পরিচালনায় আগ্রহী হলে সরকার প্রয়োজনীয় অবকাঠামো সহায়তা দেওয়ার চেষ্টা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে বিষয়টি যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
বুধবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন সম্পূরক প্রশ্নে বলেন, কুয়াকাটায় পর্যটন কেন্দ্র, নৌঘাঁটি, ক্যান্টনমেন্ট ও পায়রা বন্দর রয়েছে। সেখানে দ্রুত একটি বিমানবন্দর নির্মাণ করা হলে অঞ্চলটি গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র হিসেবে আরও বিকশিত হতে পারে।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিমানবন্দর নির্মাণ অর্থনীতির সঙ্গে সরাসরি সম্পর্কিত। সেখানে ফ্লাইট পরিচালনা সম্ভব হলেও যদি লোকসান হয়, তবে তা জনগণের অর্থ থেকেই বহন করতে হবে। সে কারণে সরকারি উদ্যোগে বিমানবন্দর নির্মাণ ব্যবসায়িকভাবে কতটা লাভজনক হবে তা বিবেচনা করা প্রয়োজন।
তিনি বলেন, কোনো বেসরকারি কোম্পানি যদি ফ্লাইট পরিচালনায় আগ্রহী হয়, সরকার অবকাঠামো তৈরিতে সহায়তা দিতে প্রস্তুত থাকবে। তবে এ ক্ষেত্রে যথাযথ যাচাই-বাছাই করা হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার যেমন লোকসান চায় না, তেমনি কোনো উদ্যোক্তার উদ্যোগ ব্যর্থ হোক—সেটিও কাম্য নয়।
এ সময় সংসদ সদস্য হুমাম চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেসরকারি স্কুল পরিচালনার ক্ষেত্রে সরকারের নির্ধারিত গাইডলাইন রয়েছে এবং সেই নীতিমালার ভিত্তিতেই এসব প্রতিষ্ঠান পরিচালিত হয়ে থাকে।

