Sunday, November 8

আন্তর্জাতিক ডেস্ক, ১৪ এপ্রিল — মার্কিন সামরিক প্রহরার মধ্যেই হরমুজ প্রণালি অতিক্রম করেছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাপ্রাপ্ত চীনা তেলবাহী ট্যাংকার ‘রিচ স্টারি’। মঙ্গলবার প্রণালি ও আশপাশের এলাকায় যুক্তরাষ্ট্রের নজরদারির মধ্যেই জাহাজটি যাত্রা সম্পন্ন করে।

অর্থনৈতিক তথ্য বিষয়ক ব্রিটিশ আন্তর্জাতিক সংস্থা এলএসইজি, সমুদ্রে বাণিজ্যিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ব্রিটিশ সংস্থা মেরিন ট্রাফিক এবং কেপলারের বরাত দিয়ে রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের অবরোধ ঘোষণার পর এই প্রথম কোনো বিদেশি তেলবাহী জাহাজ হরমুজ প্রণালি পাড়ি দিল। উল্লেখযোগ্য বিষয় হলো, জাহাজটি নিজেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতাভুক্ত।

ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে বিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি শুরু হয় ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত। প্রায় ৪০ দিন সংঘর্ষ চলার পর শান্তি আলোচনার লক্ষ্যে ১৪ দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান ও যুক্তরাষ্ট্র। পাকিস্তানের মধ্যস্থতায় ১১ এপ্রিল ইসলামাবাদে দুই পক্ষের প্রতিনিধিদের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হলেও ২১ ঘণ্টার আলোচনার পর কোনো সমঝোতা ছাড়াই তা শেষ হয়।

চুক্তি না হওয়ায় ১২ এপ্রিল হরমুজ প্রণালি ও ইরানের সামুদ্রিক বন্দর অবরোধের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষণার পর মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম) জানায়, নির্দেশ বাস্তবায়নে তারা কাজ শুরু করেছে। ⚓

সেন্টকোম প্রহরা জোরদার করার দুই দিনের মধ্যেই প্রণালি অতিক্রম করে ‘রিচ স্টারি’। মাঝারি আকারের এই ট্যাংকারটি এক যাত্রায় প্রায় ২ লাখ ৫০ হাজার ব্যারেল তেল বহনে সক্ষম। ইরানি তেল পরিবহন ও বাণিজ্যিক সম্পর্কের অভিযোগে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ জাহাজটি এবং এর মালিক প্রতিষ্ঠান সাংহাই জুয়ানরান শিপিং কোম্পানি লিমিটেডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

হরমুজ প্রণালি অতিক্রমের সময় ট্যাংকারটিতে চীনা ক্রুরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে সাংহাই জুয়ানরান শিপিং কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হলেও প্রতিষ্ঠানটির কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

Leave A Reply


Math Captcha
98 − = 89