Sunday, November 8

কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে শামীম (৫২) নামের এক পীরের দরবারে হামলা চালিয়েছে স্থানীয় লোকজন। এ সময় হামলা ও গণপিটুনিতে নিহত হয়েছেন শামীম।

শনিবার (১১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার ফিলিপনগর এলাকায় অবস্থিত তার দরবারে এ ঘটনা ঘটে। হামলায় শামীমের আরও দুই অনুসারী গুরুতর আহত হয়েছেন। নিহত শামীম ফিলিপনগর এলাকার সামসুল ইসলামের ছেলে। স্থানীয়দের দাবি, তিনি নিজেকে ‘কালান্দার বাবা জাহাঙ্গীর সুরেশ্বরী’র অনুসারী হিসেবে পরিচয় দিতেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি কথিত পীর তার দরবারে অনুসারীদের উদ্দেশ্যে পবিত্র কোরআন নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ক্ষোভ সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় দুপুরে শত শত বিক্ষুব্ধ মানুষ দরবার ঘেরাও করে। একপর্যায়ে উত্তেজিত জনতা হামলা চালিয়ে ভাঙচুর ও একাধিক কক্ষে অগ্নিসংযোগ করে।

এ সময় দরবারের ভেতরে থাকা শামীম ও তার দুই অনুসারী এলোপাতাড়ি পিটুনির শিকার হন। বিকাল তিনটার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিস গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে তিনটার দিকে শামীম মারা যান। আহত বাকি দুজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

বিকাল পাঁচটা পর্যন্ত হাজার হাজার মানুষ দরবার এলাকা ঘিরে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দৌলতপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

Leave A Reply


Math Captcha
56 − 53 =