দুই দিনের সফরে নিজ জেলা লালমনিরহাটে যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তাকে ঢাকায় নিতে ইতোমধ্যেই এয়ার অ্যাম্বুলেন্স রওনা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টা ৪০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার।
তিনি জানান, দুই দিনের সফরে লালমনিরহাট যাওয়ার উদ্দেশ্যে শনিবার সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে নামেন আসাদুল হাবিব দুলু। বিমানবন্দরের রেস্টরুমে বসে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করার সময় হঠাৎ মাথা ঘুরে অস্বস্তি অনুভব করেন তিনি। পরে দ্রুত তাকে সৈয়দপুর সেনানিবাসের সিএমএইচ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আব্দুর গফুর সরকার আরও বলেন, পরে নেতাকর্মীদের পরামর্শে দুপুর ১২টা ১০ মিনিটের বিমানে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়। তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তিনি বিমানে যেতে পারেননি। এরপর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা থেকে রওনা হওয়া এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুরে পৌঁছালে সেটিতে করে তাকে ঢাকায় নেওয়া হবে।

