চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলামের কাছে চাঁদা দাবির ঘটনার প্রেক্ষিতে শনিবার সকালে বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বার্তা দেওয়া হয়।
পোস্টে বলা হয়, ‘চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স: ডা. কামরুল ইসলামের পাশে যুবদল, দ্রুত গ্রেপ্তারের আশ্বাস।’
জানা গেছে, গত বছরের মধ্যভাগে অধ্যাপক ডা. কামরুল ইসলামের হাসপাতালের ওপর নজর পড়ে শেরে বাংলা নগর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মঈন উদ্দিন মঈনের। তার নেতৃত্বে একটি চক্র প্রায় এক বছর ধরে চাপ ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল বলে অভিযোগ রয়েছে।
কালের কণ্ঠের হাতে আসা একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি হাসপাতালের ভেতরে ঢুকে কর্মরত একজনকে ধমক দিচ্ছেন এবং নিজেকে যুবদল নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন। অভিযোগ অনুযায়ী, ওই ব্যক্তি মঈন উদ্দিন মঈন। তার সহযোগী হিসেবে মাঈনুদ্দিন নামের আরেকজনের বিরুদ্ধে খুন ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
অনুসন্ধানে জানা যায়, হাসপাতালের খাবার সরবরাহকে কেন্দ্র করেই মূলত দ্বন্দ্বের সূত্রপাত। অভিযোগ রয়েছে, টেন্ডার না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে চক্রটি চাঁদা দাবি, ভয়ভীতি প্রদর্শন এবং চাপ সৃষ্টি শুরু করে।
অধ্যাপক কামরুল ইসলাম জানান, গত জুলাই-আগস্টের পর থেকেই বিভিন্নভাবে চাঁদা দাবি করা হচ্ছে। বিষয়টি জানিয়ে শেরে বাংলা নগর থানায় হাসপাতাল কর্তৃপক্ষ একটি সাধারণ ডায়েরি করেছে।
এদিকে সংবাদ প্রকাশের পর শুক্রবার গভীর রাতে রাজধানীর শ্যামলীতে ডা. কামরুল ইসলামের প্রতিষ্ঠিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে যান যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ কেন্দ্রীয় নেতারা। তারা ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
তারা আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেপ্তারে কাজ করছে। এ সময় ডা. কামরুল ইসলাম যুবদলের কেন্দ্রীয় নেতাদের ধন্যবাদ জানান এবং দায়িত্বশীল সাংবাদিকতার জন্য গণমাধ্যমের ভূয়সী প্রশংসা করেন।

