মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সংঘাতের প্রভাব পড়েছে বাংলাদেশের অর্থনীতিতে। এক মাসের বেশি সময় হরমুজ প্রণালি বন্ধ থাকায় বিশ্ব জ্বালানি বাজার অস্থিতিশীল হয়ে পড়ে। ফলে জ্বালানি সংকটে বাংলাদেশেও বিশৃঙ্খলা দেখা দেয় এবং দেশের জিডিপি ও রপ্তানি আয় কমার শঙ্কা তৈরি হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যভিত্তিক সরবরাহব্যবস্থার ওপর অতিরিক্ত নির্ভরশীলতাই এ পরিস্থিতির মূল কারণ। জ্বালানি, রেমিট্যান্স ও বাণিজ্য-সরবরাহব্যবস্থায় মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীলতা বৈশ্বিক সংকটে দেশের অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলে দেয়—সাম্প্রতিক সংঘাত তারই উদাহরণ। তারা বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানি এবং দীর্ঘমেয়াদে নবায়নযোগ্য জ্বালানির দিকে দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন।
বিশ্লেষকদের মতে, জমি ও অন্যান্য সীমাবদ্ধতা বিবেচনায় নবায়নযোগ্য জ্বালানির সহজলভ্য ও কার্যকর বিকল্পের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। আসন্ন জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানি অবকাঠামো উন্নয়নে সুনির্দিষ্ট বরাদ্দ রাখা হলে আমদানিনির্ভর অস্থিতিশীল জ্বালানির ওপর নির্ভরতা কমানো সম্ভব। পাশাপাশি করমুক্ত নবায়নযোগ্য জ্বালানি সরঞ্জাম, সহজ শর্তে স্বল্পসুদে ঋণ এবং জীবাশ্ম জ্বালানির ভর্তুকি নবায়নযোগ্য খাতে স্থানান্তরের মাধ্যমে সৌর ও বায়ুবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন সহজ করা যেতে পারে।
সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)-এর নির্বাহী পরিচালক অধ্যাপক সেলিম রায়হান বলেন, স্থায়ী জ্বালানি সক্ষমতা অর্জনের জন্য নবায়নযোগ্য জ্বালানির দিকে আমূল পরিবর্তন প্রয়োজন। তবে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় জরুরিভিত্তিতে আমদানিভিত্তিক জ্বালানি উৎসে বৈচিত্র্য আনতে হবে।
তিনি স্বল্পমেয়াদে অপরিশোধিত তেল, পরিশোধিত জ্বালানি ও এলএনজি পেতে বহুজাতিক চুক্তি ও দ্বিপক্ষীয় ব্যবস্থা সম্প্রসারণের পরামর্শ দেন। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত জ্বালানি রেশনিং—কিউআর কোডভিত্তিক ডিজিটাল ফুয়েল পাস—ব্যবস্থা চালুর কথাও বলেন তিনি। পাশাপাশি শিল্প খাতের উৎপাদন শিফট অফ-পিক সময়ে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।
এতে সীমিত জ্বালানি কৃষি ও রপ্তানিমুখী উৎপাদনের মতো গুরুত্বপূর্ণ খাতে সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে নির্ভরযোগ্য বেইসলোড বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করতে এবং অস্থিতিশীল এলএনজি বাজারের ওপর নির্ভরশীলতা কমাতে দেশের স্থলভাগ ও সমুদ্রে গ্যাস অনুসন্ধান কার্যক্রম ত্বরান্বিত করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

