দেশের সারা দেশে ২ হাজার ৮৪৭টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে লিখিত প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান।
ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিন লিখিত প্রশ্নে জানতে চান, দেশের প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় রয়েছে কি না; না থাকলে বিদ্যালয়বিহীন গ্রামের সংখ্যা কত এবং এসব গ্রামে সরকারি উদ্যোগে বিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা আছে কি না।
উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, দেশের প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই। তিনি জানান, বিদ্যালয়বিহীন গ্রামের সংখ্যা ঢাকা বিভাগে ৭১৭টি, চট্টগ্রাম বিভাগে ৮১৮টি, রাজশাহী বিভাগে ৩৫৫টি, রংপুর বিভাগে ৩৭টি, খুলনা বিভাগে ৩৪৯টি, বরিশাল বিভাগে ৪৫টি, সিলেট বিভাগে ২৬০টি এবং ময়মনসিংহ বিভাগে ২৬৬টি। সব মিলিয়ে মোট ২ হাজার ৮৪৭টি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই।
তিনি আরও বলেন, ভবিষ্যতে বিদ্যালয়বিহীন গ্রাম থেকে প্রস্তাব পাওয়া গেলে প্রয়োজনীয়তা ও সংশ্লিষ্ট শর্তাদি বিবেচনা করে বিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

