Sunday, November 8

‘ক্রিকেট বোর্ডে সার্কাস চলছে’—ক্ষোভ সাবেক ক্রিকেটার আফতাবের

গণঅভ্যুত্থানের পর দেশের ক্ষমতার পটপরিবর্তনের প্রেক্ষাপটে টালমাটাল অবস্থার মধ্যে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক যুগের বেশি সময় ধরে দায়িত্বে থাকা নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর গত দুই বছরেরও কম সময়ে তিনবার বদল হয়েছে সভাপতির চেয়ার। ২০২৪ সালের ৫ আগস্টের পর বিসিবি সভাপতির দায়িত্ব নেন ফারুক আহমেদ। এরপর ২০২৫ সালে সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল।

তবে নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ার কথা জানিয়ে বুলবুলের কমিটি ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এরপর তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। বিসিবির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, “যে পরিমাণ সার্কাস চলছে ক্রিকেট বোর্ডে, ২ হাজার টাকা খরচ করে টিকিট কিনলেও বৃথা যাবে না। এখন বাংলাদেশের সবচেয়ে বড় সার্কাস হচ্ছে ক্রিকেট বোর্ড।”

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত আফতাব সেখানকার ক্রিকেট কাঠামোর উদাহরণ দিয়ে বলেন, “আমেরিকায় তিন বছর হয়ে গেল। ক্রিকেট বোর্ড কোথায় সেটাই জানি না। বোর্ডের সদস্য কারা, সেটাও জানি না। কিন্তু প্রতিদিন ক্রিকেট নিয়ে কাজ করছি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে কোনো মানুষের ব্যর্থতা লুকানো থাকে না। মিডিয়া এমনভাবে ঢোল পেটায় যে না চাইলেও জানতে হয়। এই সার্কাস আর কতদিন চলবে জানি না। ক্রিকেট তো এখন আর নেই, সার্কাস আছে। সার্কাসটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাই।”

Leave A Reply


Math Captcha
3 + 4 =