Sunday, November 8

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুর থানার এক হত্যাচেষ্টা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

সোমবার (৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

এদিন আসামি ফাহিমকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মমিনুল ইসলাম তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষে মুহাম্মদ শামছুদ্দোহা সুমন শুনানি করেন। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। এরপর পুলিশ প্রহরায় তাকে আদালতের হাজতখানায় নেওয়া হয়।

এর আগে গত ২৯ মার্চ বিকেলে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে জনতা ও একদল শিক্ষার্থী তাকে আটক করে। পরে তাকে শাহ আলী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। সেখান থেকে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়। গত ৩০ মার্চ বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক গুলশান থানার মো. ইমরান হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছিল।

মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের বছিলা এলাকায় র‍্যাব কোয়ার্টারের সামনে আন্দোলনকারীরা মিছিল করছিলেন। বিকেল সাড়ে তিনটার দিকে মিছিলে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে মাসুদ হোসাইন আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার বুকে সংক্রমণ ধরা পড়ে এবং অপারেশন করা হয়।

এ ঘটনায় গত বছরের ১০ জুলাই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৬ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা করেন আহত মাসুদ হোসাইন।

Leave A Reply


Math Captcha
38 − = 28