Sunday, November 8

হামের টিকাদান ব্যবস্থাকে রাষ্ট্রীয় পর্যায় থেকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার মতো ‘অপরাধমূলক’ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ড. মুহাম্মদ ইউনূস, তার সব বিশেষ সহকারী, উপদেষ্টা ও তৎকালীন প্রেস সচিবের বিষয়ে তদন্তের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়েছে। সোমবার (৬ এপ্রিল) নোটিশদাতা ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সারা দেশে বিলুপ্তপ্রায় রোগ হাম নতুন করে মারাত্মক আকার ধারণ করেছে। ইতোমধ্যে শতাধিক শিশুর মৃত্যুর পাশাপাশি বহু শিশু ও সাধারণ নাগরিক আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। অভিযোগ করা হয়েছে, হামের টিকাদান ব্যবস্থাকে রাষ্ট্রীয় কাঠামো থেকে ব্যক্তিগত খাতে হস্তান্তরের সিদ্ধান্তের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা প্রয়োজন।

নোটিশে ড. মুহাম্মদ ইউনূস, ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান শুভ্র, নূরজাহান বেগম, ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকীসহ উপদেষ্টা পরিষদের সদস্যদের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং সংশ্লিষ্ট ব্যক্তিগত সহকারীদের বিরুদ্ধেও তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

আইনি নোটিশে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের বিবাদী করা হয়েছে। নোটিশ পাওয়ার পাঁচ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

Leave A Reply


Math Captcha
− 5 = 3