আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। চব্বিশের গণঅভ্যুত্থানের পর দলটির কার্যক্রম নিষ্ক্রিয় হয়ে পড়লেও দল সক্রিয় হলে আবারও রাজনীতিতে ফিরতে চান বলে জানিয়েছেন তিনি।
দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, দলের কার্যক্রম না থাকায় বর্তমানে তিনি ক্রিকেটেই মনোযোগ দিচ্ছেন। তবে ভবিষ্যতে রাজনৈতিক কার্যক্রম শুরু হলে আবারও রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করবেন।
রাজনীতি ও ক্রিকেট প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতি দীর্ঘ সময় ধরে করা সম্ভব হলেও ক্রিকেটের সময় সীমিত। তাই আপাতত ক্রিকেট ক্যারিয়ারকে অগ্রাধিকার দিচ্ছেন তিনি। একই সঙ্গে রাজনীতিকে মানুষের জন্য কাজ করার একটি বড় প্ল্যাটফর্ম হিসেবে দেখেন বলেও উল্লেখ করেন সাকিব। তিনি বলেন, মানুষের জন্য কিছু করতে পারলে সেটিই তার জন্য বড় তৃপ্তির বিষয় হবে।
সম্প্রতি ৩৯ বছরে পা দেওয়া সাকিব জানান, খেলার প্রতি তার আগ্রহ এখনো অটুট। যতদিন এই আগ্রহ থাকবে ততদিন খেলে যেতে চান তিনি। আর যেদিন আগ্রহ কমে যাবে, সেদিন নিজ থেকেই ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন বলে জানান সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার।
সূত্র: দ্য ডেইলি স্টার

