Sunday, November 8

বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে আটকে রেখে হেনস্তা, আপত্তিকর ছবি তৈরির চেষ্টা এবং প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ‘সা রে গা মা পা’ খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেলের জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত আসামি পক্ষের শুনানি শেষে পাঁচ হাজার টাকার মুচলেকায় তার জামিনের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মো. ইমরান হোসেন।

এর আগে গত ২ এপ্রিল একই মামলায় নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এরও আগে ২৪ ফেব্রুয়ারি আপসের শর্তে তাকে জামিন দেওয়া হয়েছিল।

গত ২৩ ফেব্রুয়ারি দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। তবে মামলার পরবর্তী তারিখ ২ এপ্রিল পর্যন্ত তাকে জামিন দেন আদালত।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের ১৩ আগস্ট আনাননিয়া শবনম রোজ নামে এক তরুণী নোবেল, তার মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, পরিচিত মাসুদ রানা ও সহকারী মুনেম শাহ সৌমিকের বিরুদ্ধে মামলা করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন।

তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়ে গত ৭ জানুয়ারি পিবিআইয়ের উপ-পরিদর্শক নুরুজ্জামান পাঁচজনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। পরে ২ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, নোবেল বাদীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে গত বছরের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেন। এছাড়া বাদীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টার অভিযোগও আনা হয়েছে।

Leave A Reply


Math Captcha
41 − = 36