Sunday, November 8

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতে দেশে ফেরা বাংলাদেশ দলকে জমকালো সংবর্ধনা দেওয়া হয়েছে রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে। শনিবার রাতে আয়োজিত অনুষ্ঠানে খেলোয়াড়দের জন্য বিভিন্ন আর্থিক পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। বাফুফে ও সিটি কর্পোরেশনের পাশাপাশি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীও পুরস্কারের আশ্বাস দেন, যদিও তিনি চূড়ান্ত অঙ্ক প্রকাশ করেননি।

রাত ৯টার পর চ্যাম্পিয়ন দল অ্যাম্ফিথিয়েটারে প্রবেশ করলে উপস্থিত ফুটবলপ্রেমীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। একে একে ফুটবলারদের নাম ঘোষণা করে মঞ্চে ডাকা হয়। অধিনায়ক মিঠু চৌধুরী ট্রফি হাতে মঞ্চে ওঠেন। ইনজুরির কারণে টুর্নামেন্টে যেতে না পারা আশিকুর রহমান স্ক্যাচ নিয়েই উপস্থিত ছিলেন; অধিনায়ক তার হাতেই ট্রফিটি তুলে দেন।

অনুষ্ঠানে দুই প্রবাসী ফুটবলার রোনান সুলিভান ও ডেকলান সুলিভানকে ঘিরে সমর্থকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। তারা সংক্ষিপ্ত বক্তব্যে জানান, বাংলা বলতে না পারলেও বাংলাদেশের ফুটবলপ্রেমীদের ভালোবাসায় তারা অভিভূত।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, জাতীয় ক্রীড়া দিবস (৬ এপ্রিল) উপলক্ষে ফুটবলারদের জন্য বিশেষ আর্থিক পুরস্কার ঘোষণা করা হবে। তিনি জানান, খেলোয়াড়দের জন্য ‘ভালো কিছু’ অপেক্ষা করছে।

বাফুফে সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী ঘোষণা দেন, চ্যাম্পিয়ন দলের প্রত্যেক খেলোয়াড়কে এক লাখ টাকা এবং কর্মকর্তাদের ৫০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও প্রতিটি ফুটবলারের জন্য ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

অধিনায়ক মিঠু চৌধুরী বলেন, এই ট্রফির পেছনে দলের সবার কঠোর পরিশ্রম রয়েছে এবং তারা এটি দেশবাসীকে উৎসর্গ করছেন। দলের ব্রিটিশ কোচ মার্ক কক্স জানান, এই দলের মধ্যে দারুণ সম্ভাবনা রয়েছে এবং আগামী বছরগুলোতে তারা আন্তর্জাতিক পর্যায়ে বড় সাফল্য পেতে পারে।

বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও আগামী ১০ বছরের মধ্যে দলটিকে বড় মঞ্চে দেখার আশাবাদ ব্যক্ত করেন।

Leave A Reply


Math Captcha
− 5 = 1