রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীতে ট্রাকের চাপায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজনই পুরুষ এবং তাদের বয়স আনুমানিক ৪০ থেকে ৫০ বছরের মধ্যে বলে জানা গেছে। পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে অবগত করা হয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পথচারী খায়রুল ও হৃদয়ের ভাষ্য অনুযায়ী, দক্ষিণ যাত্রাবাড়ীর মীরহাজীরবাগ কাঁচাবাজার এলাকায় একটি ট্রাক একটি রিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে রিকশাচালক ও আরোহী নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করেছে বলে জানা গেছে।

