ইরান যুদ্ধের মধ্যে এখন পর্যন্ত ৬ জন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। নিহতদের মধ্যে তিনজনের মরদেহ ইতোমধ্যেই রাষ্ট্রীয় সহায়তায় দেশে ফিরিয়ে আনা হয়েছে বলেও তিনি জানান।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাহরাইন থেকে আসা রেমিট্যান্স যোদ্ধা এস এম তারেকের মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়ার ক্ষেত্রে নতুন ভিসা কিংবা পুরোনো ভিসার মেয়াদ নিয়ে যেসব প্রবাসী বাংলাদেশি জটিলতায় পড়েছেন, তাদের সমস্যা সমাধানে সরকার আন্তর্জাতিক পর্যায়ে জোর কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে।
তিনি আরও বলেন, যুদ্ধ পরিস্থিতির মধ্যে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনায় সংশ্লিষ্ট দেশগুলোতে বাংলাদেশ দূতাবাসগুলো সার্বক্ষণিক সতর্ক ও সক্রিয় রয়েছে।
প্রবাসীদের নিরাপদে জীবনযাপন ও কাজের পরিবেশ বজায় রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে বলেও আশ্বাস দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

