Monday, November 9

ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখার অবস্থান জানানোয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে। দুই সপ্তাহের সর্বোচ্চ অবস্থান থেকে বৃহস্পতিবার মূল্যবান এই ধাতুর দর উল্লেখযোগ্যভাবে কমে যায়।

রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় বিকেল ৩টা ২৬ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ২.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬২২ দশমিক ৫৯ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার ৩.৪ শতাংশ কমে ৪ হাজার ৬৪৯ ডলারে নেমেছে।

ট্রাম্পের বক্তব্যের পর তেলের দাম প্রায় ৭ শতাংশ বেড়ে যাওয়ায় মুদ্রাস্ফীতির আশঙ্কা বাড়ে। এতে বিনিয়োগকারীদের মধ্যে ধারণা তৈরি হয়েছে যে ফেডারেল রিজার্ভ হয়তো সুদের হার কমাবে না। ফলে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমে গিয়ে দাম নিম্নমুখী হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ডলার শক্তিশালী হওয়া এবং মার্কিন ট্রেজারি ইল্ড বাড়ায় বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের বদলে ডলারের দিকে ঝুঁকছেন। যদিও দীর্ঘমেয়াদে কাঠামোগত চাহিদার কারণে স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যান্য ধাতুর মধ্যেও পতন দেখা গেছে। স্পট রূপার দাম ৪.৯ শতাংশ কমে ৭১.৪৪ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম ২.৩ শতাংশ কমে ১,৯১৮.৩৮ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০.৬ শতাংশ কমে ১,৪৬৩.৭৫ ডলারে দাঁড়িয়েছে।

Leave A Reply


Math Captcha
54 + = 58