ভোলার বিসিক শিল্প নগরীতে অবৈধভাবে ডিজেল মজুতের অভিযোগে দুটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় দেড় লাখ টাকা জরিমানাও করা হয়।
বুধবার (৩১ মার্চ) রাত ৮টা থেকে প্রায় চার ঘণ্টাব্যাপী সদর উপজেলার খেয়াঘাট সড়কের বিসিক এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েদ আহমেদ বুলবুল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তেলের কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে খান ফ্লওয়ার মিল (জেকে ট্রেডার্স) কারখানায় খালি পানির ট্যাংক ও ড্রামে ৩ হাজার ৯৭৪ লিটার ডিজেল মজুত রাখা হয়েছিল। পরে তৃষ্ণা বেকারিতে অভিযান চালিয়ে আরও ২ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় খান ফ্লওয়ার মিলের মালিক জামাল খানকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড এবং তৃষ্ণা বেকারির মালিক মো. জুয়েলকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়। জব্দকৃত ডিজেল বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানের সময় খান ফ্লওয়ার মিলের কর্মীরা হট্টগোল সৃষ্টি করে এবং রাস্তা অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েদ আহমেদ বুলবুল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ডিজেল জব্দ করা হয়েছে। বৈধ কাগজপত্র না থাকায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে অভিযান চলাকালে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগে রাতে ভোলা সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন সাংবাদিক উৎপল দেবনাথ। তিনি নিরাপত্তাহীনতার কথা জানান।
তবে জামাল খান অভিযোগ অস্বীকার করে বলেন, কারখানার পরিবহন ও জেনারেটর চালাতে বৈধভাবে তেল সংগ্রহ করা হয়েছে এবং সাংবাদিককে হুমকি দেওয়ার বিষয়টিও সঠিক নয়।
ঘটনার পর স্থানীয় সাংবাদিকরা হুমকিদাতার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

