কালিয়া উপজেলার বারইপাড়া ও কলাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৩০ মার্চ) রাতে পৃথক দুটি অভিযানে এসব তেল জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তার নেতৃত্বে বারইপাড়া ফেরিঘাট সড়কে অভিযান চালিয়ে খুলনা থেকে আসা একটি নসিমন আটক করা হয়। এ সময় ৯ ব্যারেলে ১ হাজার ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়। তেলের মালিক উপজেলার মাউলী গ্রামের পিন্টু শেখ বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস কলাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে ২৮ ব্যারেলে ৫ হাজার ৬০০ লিটার তেল জব্দ করেন। উপজেলার যোগানিয়া গ্রামের খায়রুল শেখ অবৈধভাবে তেল নিয়ে আসছিলেন বলে জানা গেছে। বৈধ কাগজপত্র না থাকায় তাকেও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত ডিজেল মেসার্স কালিয়া ফিলিং স্টেশন এ সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

