কুমিল্লার পদুয়ার বাজার লেভেলক্রসিংয়ে বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তদন্তে রেলওয়ে, সড়ক বিভাগ ও সংশ্লিষ্ট কর্মীদের দায়িত্বে একাধিক গাফিলতির প্রমাণ পাওয়া গেছে।
রোববার (২৯ মার্চ) তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী জানান, তদন্তে অন্তত ছয়টি গুরুতর অনিয়ম চিহ্নিত করা হয়েছে। এসব অনিয়মের সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে জড়িত রয়েছেন কয়েকজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী।
তিনি বলেন, পদুয়ার বাজার লেভেলক্রসিংয়ের চারজন গেইটম্যান, বিজয়পুর লেভেলক্রসিংয়ের দুই গেইটম্যান, লালমাই রেলস্টেশনের স্টেশন মাস্টার, ট্রেনের দুই লোকোমাস্টার, সংশ্লিষ্ট বাসচালক এবং সড়ক বিভাগের নির্মাণ কাজে জড়িতদের অবহেলা তদন্তে প্রতীয়মান হয়েছে।
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, দুর্ঘটনার সময় লেভেলক্রসিং ব্যবস্থাপনায় সমন্বয়ের অভাব, নিরাপত্তা বিধি যথাযথভাবে অনুসরণ না করা এবং দায়িত্ব পালনে শৈথিল্য ছিল। এছাড়া সড়ক নির্মাণ বা সংস্কার কাজের কারণে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হলেও প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি।
১১ পৃষ্ঠার প্রতিবেদনে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে আটটি সুপারিশ করা হয়েছে। এর মধ্যে লেভেলক্রসিং ব্যবস্থাপনার আধুনিকায়ন, দায়িত্বপ্রাপ্তদের জবাবদিহিতা নিশ্চিত করা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর কথা বলা হয়েছে।
উল্লেখ্য, গত ২১ মার্চ ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার রেলক্রসিংয়ে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন এবং আহত হন অন্তত ১৫ জন। এ ঘটনায় জেলা প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

