Monday, November 9

স্থানীয় সরকার নির্বাচনের অংশ হিসেবে পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে নিজেদের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

ঘোষণা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে লড়বেন দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব।

এছাড়া কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী করা হয়েছে অ্যাডভোকেট তারিকুল ইসলামকে। সিলেট সিটি করপোরেশন নির্বাচনে লড়বেন অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল। আর রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলের মনোনয়ন পেয়েছেন মো. মোবাশ্বের আলী।

প্রার্থী ঘোষণার পাশাপাশি বর্তমান নির্বাচন কমিশন নিয়ে শঙ্কা প্রকাশ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এ কমিশনের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে কি না, সে বিষয়ে তাদের সন্দেহ রয়েছে।

Leave A Reply


Math Captcha
− 5 = 1