বিগত অন্তর্বর্তী সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় শুরু হওয়া তিনজন হাই-প্রোফাইল ব্যক্তির রাষ্ট্রদূত নিয়োগ প্রক্রিয়া স্থগিত করেছে বর্তমান সরকার। তালিকায় রয়েছেন লামিয়া মোর্শেদ, ড. নিয়াজ আহমেদ খান এবং সেলিম উদ্দিন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উচ্চপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ড. মুহাম্মদ ইউনূস-এর ঘনিষ্ঠ সহযোগী লামিয়া মোর্শেদকে নেদারল্যান্ডস-এ রাষ্ট্রদূত করার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে ডাচ সরকারের ‘গ্রিন সিগনাল’ না পাওয়ায় প্রক্রিয়াটি ঝুলে ছিল। পরে বর্তমান সরকার পেশাদার কূটনীতিক ফাইয়াজ মুর্শিদ কাজী-কে নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. নিয়াজ আহমেদ খানকে শুরুতে ডেনমার্ক-এ পাঠানোর প্রস্তাব থাকলেও পরে ইরান-এ রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়। ইরান সম্মতি দিলেও শেষ পর্যন্ত প্রক্রিয়াটি এগোয়নি।
অন্যদিকে সাবেক সচিব সেলিম উদ্দিনকে মিশর-এ রাষ্ট্রদূত করার প্রস্তাবও বর্তমান সরকার স্থগিত করেছে।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, রাজনৈতিক বিবেচনায় নেওয়া এসব নিয়োগ এখন আর বিবেচনায় আনার পরিকল্পনা নেই। পেশাদার ও অভিজ্ঞ কূটনীতিকদের অগ্রাধিকার দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

