‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় এক তরুণীকে গ্রেপ্তারের ঘটনায় সমালোচনা করেছেন মোহসিন রশীদ। তিনি বাংলাদেশ মুসলিম লীগ-এর সভাপতি এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী।
শুক্রবার (২৮ মার্চ) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ‘জয় বাংলা’কে অপরাধ হিসেবে গণ্য করা হলে ন্যায্যভাবে আমাদের হয় পাকিস্তান জিন্দাবাদ-এ ফিরে যাওয়া উচিত, অথবা ভারতীয় ইউনিয়নের কাছে রাষ্ট্রসত্তা সমর্পণ করে জয় হিন্দ গ্রহণ করা উচিত।
তিনি প্রশ্ন তোলেন, কীভাবে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার জন্য পুলিশ একজন তরুণী ও শিশুদের গ্রেপ্তার করতে পারে। তার ভাষ্য, জয় বাংলা বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রতীক এবং স্বাধীন রাষ্ট্রের ভিত্তির সঙ্গে গভীরভাবে জড়িত।
মোহসিন রশীদ বলেন, এ ধরনের ঘটনা মতপ্রকাশের স্বাধীনতা ও ঐতিহাসিক প্রতীকের গুরুত্ব নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। তিনি সরকারের কাছে গ্রেপ্তারের ব্যাখ্যা চাওয়া অথবা ক্ষমা চেয়ে গ্রেপ্তারকৃতদের মুক্তি দেওয়ার আহ্বান জানান।
তার মন্তব্যে তিনি আরও বলেন, ইতিহাস মুছে ফেলা যায় না।

