Monday, November 9

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা একটি ফিলিং স্টেশনে ‘তেল নেই’ লিখে বিক্রি বন্ধ রাখার অভিযোগে প্রায় ১০ হাজার লিটার জ্বালানির মজুদ পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় পাম্প মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়ন এর বড়দাদপুর এলাকায় ‘মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশন’-এ এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী।

অভিযানে ফিলিং স্টেশনে দুই হাজার ৩৬৮ লিটার পেট্রল, তিন হাজার ৭৬০ লিটার ডিজেল এবং তিন হাজার ৬৫৫ লিটার অকটেন মজুদ থাকার প্রমাণ পাওয়া যায়।

ইউএনও জানান, ‘পাম্পে তেল নেই’ লেখা ব্যানার টানিয়ে জ্বালানি বিক্রি বন্ধ রাখার খবর পেয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে সেখানে অভিযান চালানো হয়। বিভিন্ন হাউজ তল্লাশি করে মজুদ থাকা তেলের প্রমাণ পাওয়া যায়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মজুদ থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখার দায়ে ফিলিং স্টেশন মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক আদায় করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভোক্তা হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইউএনও।

Leave A Reply


Math Captcha
58 + = 62