Monday, November 9

কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের নান্দলা এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে করিমগঞ্জগামী অছিম পরিবহন এবং নেত্রকোনা থেকে চট্টগ্রামগামী মিনহাজ পরিবহন-এর বাসের মধ্যে নান্দলা বাজার এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। গুরুতর আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সংঘর্ষে মিনহাজ পরিবহনের চালক গুরুতর আহত হয়েছেন। অপর বাসটির চালক দুর্ঘটনার পর পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার কারণে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয় এবং কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাস সরিয়ে দিলে প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক জানান, আহতদের কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply


Math Captcha
5 + 4 =