রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সৌহার্দ্য পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। বাসটিতে প্রায় ৫০–৬০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। এদের মধ্যে কয়েকজন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকিরা বাসসহ নদীতে ডুবে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (২৫ মার্চ) বিকেলে ঘাটের ৩ নম্বর পন্টুনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি পন্টুন দিয়ে ফেরিতে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি গভীর পানিতে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই বাসের কয়েকজন যাত্রী সাঁতরে উঠে প্রাণ বাঁচান, তবে অধিকাংশ যাত্রী বাসের ভেতরে আটকা পড়ে যান।
ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন-এর উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল জানান, বাসটিতে ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৮-৯ জন বের হতে পারলেও অন্যদের অবস্থা এখনো নিশ্চিত নয়। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

