বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঈদুল ফিতর উপলক্ষে একে অপরকে শুভেচ্ছা জানিয়েছেন। শুক্রবার মোদিকে লেখা চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আশা প্রকাশ করেছেন, এই পবিত্র উৎসব দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে।
চিঠিতে তিনি বলেন, “ঈদুল ফিতর একটি আনন্দের উৎসব, যা মানুষকে সহানুভূতি, সংহতি ও সম্প্রীতির মতো চিরন্তন মূল্যবোধের কথা মনে করিয়ে দেয়।” তিনি আরও যোগ করেন, “এই উৎসব ভাগাভাগি ও উদারতার মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়কে একত্রিত করে এবং আমাদের জনগণ ও বিশ্বজুড়ে সব মানুষের জন্য শান্তি, সমৃদ্ধি ও সুখ বয়ে আনুক।”
এর আগে প্রধানমন্ত্রী মোদি ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন।
প্রথমত, দুই দেশের ঐতিহাসিক ও দীর্ঘস্থায়ী সম্পর্কের ওপর জোর দেওয়া হয়েছে। তিনি বলেন, “অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও ভূগোলের কারণে ভারতের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দেয়।”
দ্বিতীয়ত, উভয় দেশের বিষয়গুলো এমনভাবে সমাধান করা প্রয়োজন যাতে সাধারণ মানুষের কল্যাণ হয়। তিনি বলেন, “এতে উভয় দেশ তাদের অভিন্ন স্বার্থে অনেক কিছু অর্জন করতে পারবে। ঢাকা মর্যাদা, সমতা, পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব।”
তৃতীয়ত, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের ‘বিকশিত ভারত ২০৪৭’ রূপকল্পের সঙ্গে পরিচিত হওয়ার কথা উল্লেখ করেছেন এবং নেতাদের উচিত সহযোগিতামূলক সম্পর্ক জোরদার করা, যাতে দীর্ঘমেয়াদে শান্তি, সম্প্রীতি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করা যায়।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

