Monday, November 9

বিশ্বজুড়ে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক দেশ জ্বালানি তেলের দাম বাড়ালেও বাংলাদেশে তা অপরিবর্তিত রাখা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার দুপুরে চট্টগ্রাম নগরের মেহেদিবাগে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, বৈশ্বিক এই কঠিন পরিস্থিতির মধ্যেও সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব সরাসরি নিয়ন্ত্রণ করা সম্ভব না হলেও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার বিকল্প উৎস খুঁজে কাজ করছে।

তিনি বলেন, বর্তমানে নতুন জ্বালানি উৎস খোঁজা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। এ সংকট মোকাবেলায় দেশবাসীর সহযোগিতা ও সংযম প্রয়োজন।

মন্ত্রী আরও জানান, সরকারের কার্যকর পদক্ষেপের ফলে ঈদযাত্রায় কোথাও জ্বালানি সংকট দেখা দেয়নি এবং পরিবহন ভাড়াও বাড়েনি। এতে সাধারণ মানুষ স্বস্তিতে যাতায়াত করতে পেরেছেন।

তিনি বলেন, এবার ঈদ উৎসবমুখর ও স্বাভাবিক পরিবেশে উদযাপিত হচ্ছে। পোশাক খাতের শ্রমিকদের আগাম বেতন-ভাতা পরিশোধের কারণে কোনো ধরনের অসন্তোষ তৈরি হয়নি, যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার ইতিবাচক দিক নির্দেশ করে।

এছাড়া নিম্নবিত্ত ও কৃষকদের সহায়তায় ‘কার্ড’ ভিত্তিক সুবিধা, ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ মওকুফ এবং ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা কার্যক্রম চালু রাখার কথাও উল্লেখ করেন তিনি।

চলমান বৈশ্বিক সংকট মোকাবেলায় সবাইকে সংযম, পারস্পরিক সহযোগিতা ও সহানুভূতির মাধ্যমে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মন্ত্রী।

Leave A Reply


Math Captcha
− 1 = 8