বছর ঘুরে আবারও এসেছে পবিত্র ঈদুল ফিতর। তবে আনন্দঘন এই উৎসবে বাগড়া দিতে পারে বৈরী আবহাওয়া। কালবৈশাখীর মৌসুম হওয়ায় ঈদের আগে ও পরে দেশজুড়ে ঝড়-বৃষ্টির প্রবল আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সংস্থাটি গণমাধ্যমকে জানায়, ঈদের আগের দিন থেকে শুরু করে পরবর্তী তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় ঝড়-বৃষ্টি হতে পারে। বিশেষ করে ঈদের দিন আবহাওয়া সবচেয়ে বেশি বৈরী থাকার আশঙ্কা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, ঈদের আগের রাতেই দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে একটি শক্তিশালী কালবৈশাখী প্রবেশ করতে পারে। এর প্রভাবে সকাল থেকেই বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টি শুরু হয়ে দ্রুত বিস্তার লাভ করবে।
বিশেষ সতর্কতায় বলা হয়েছে, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা বিভাগ ও বরিশাল বিভাগের কিছু এলাকায় ঈদের জামাতের সময় ঝড়-বৃষ্টির উচ্চ সম্ভাবনা রয়েছে। ফলে খোলা মাঠ বা ঈদগাহে নামাজ আদায়ে বিঘ্ন ঘটতে পারে।
আবহাওয়ার এই সিস্টেমটি সকাল থেকে দুপুরের মধ্যে রংপুর বিভাগ ও রাজশাহী বিভাগ অতিক্রম করে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। দুপুরের মধ্যে এটি চট্টগ্রাম বিভাগেও পৌঁছাতে পারে।
এছাড়া বিকেলের দিকে সারা দেশে দ্বিতীয় দফায় আরেক দফা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার ফলে ঈদের দিন দীর্ঘ সময় বৈরী আবহাওয়া বিরাজ করতে পারে।
সংস্থাটি আরও জানায়, ঈদের আগের দিন (২০ মার্চ) সকালে আকাশ আংশিক মেঘলা থাকলেও দুপুরের পর থেকে আবহাওয়ার দ্রুত পরিবর্তন হতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখীসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে ঈদের পরের দিন থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। ভোরে উপকূলীয় কিছু এলাকায় বৃষ্টিপাত থাকলেও দিনের বেলা দেশের বেশিরভাগ স্থানে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

