নরসিংদী জেলার পলাশ উপজেলা–র ঘোড়াশাল পৌর এলাকার মধ্য বাগপাড়া মহল্লার দুটি বাড়ি থেকে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া দুই যুবক হলেন মধ্য বাগপাড়া মহল্লার আমিরুল ইসলামের ছেলে মুসান্না গালিব মিম (২৮) এবং বাগপাড়া মহল্লার বশির উদ্দিনের ছেলে শেখ শরিফ (২৭)। তারা পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
পলাশ থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মুসান্না গালিব মিমের মা–বাবা অন্যত্র থাকেন এবং তিনি বাড়িতে একাই বসবাস করতেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে থাকলে স্থানীয়রা বিষয়টি থানায় জানান। পরে পুলিশ দরজা ভেঙে ঘরে ঢুকে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায়। মরদেহে পচন ধরায় ধারণা করা হচ্ছে কয়েকদিন আগেই তিনি আত্মহত্যা করেছেন।
অন্যদিকে শেখ শরিফের বাড়িতে গিয়ে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। বাড়িতে শরিফের অসুস্থ মা থাকলেও তিনি এ বিষয়ে কিছু টের পাননি বলে জানিয়েছেন। পুলিশ ধারণা করছে, গত ২৪ ঘণ্টার মধ্যেই শরিফ আত্মহত্যা করেছেন।
ওসি শাহেদ আল মামুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুজনই মাদকাসক্ত ছিলেন। তবে কী কারণে তারা আত্মহত্যা করেছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

