নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষককে ‘কৃষি কার্ড’ বা ফার্মারস কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী পহেলা বৈশাখ টাঙ্গাইল সদরে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়–এ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফার্মারস কার্ড বিষয়ক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান এবং ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণের অগ্রগতি দৃশ্যমান করার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, টাঙ্গাইল সদরসহ দেশের মোট ১১টি উপজেলায় একযোগে এই কার্যক্রম শুরু হবে। প্রথম ধাপে এসব উপজেলার প্রায় ২১ হাজার ৫০০ কৃষকের কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ সহায়তা পৌঁছে দেওয়া হবে।
তিনি বলেন, এই কার্ড কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের চাষি ও খামারিদের দেওয়া হবে এবং এটি ব্যাংকিং ডেবিট কার্ড হিসেবে কাজ করবে। ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের কৃষি উপকরণ ক্রয়ের জন্য বছরে আড়াই হাজার টাকা প্রণোদনা দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সার, বীজ, কীটনাশক ও পশুখাদ্য কিনতে পারবেন।
টাঙ্গাইল সদর ছাড়াও কর্মসূচিটি বাস্তবায়ন করা হবে পঞ্চগড় জেলার কমলাপুর ও বোদা, বগুড়া জেলার শিবগঞ্জ, ঝিনাইদহ জেলার শৈলকুপা, পিরোজপুর জেলার নেছারাবাদ, কক্সবাজার জেলার টেকনাফ, কুমিল্লা জেলার আদর্শ সদর, জামালপুর জেলার ইসলামপুর, রাজবাড়ী জেলার গোয়ালন্দ এবং মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায়।
বৈঠক সংশ্লিষ্টরা মনে করছেন, কৃষক কার্ড চালু হলে দেশের কৃষকদের একটি নির্ভরযোগ্য পরিচিতি তৈরি হবে। পাশাপাশি কৃষি ভর্তুকি, ঋণ সুবিধা, বীজ ও সার বিতরণসহ বিভিন্ন সরকারি সহায়তা আরও স্বচ্ছ ও কার্যকরভাবে দেওয়া সম্ভব হবে।
বৈঠকে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডাক ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

