পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে সরাসরি পুলিশকে জানানোর পরামর্শ দিয়েছেন আলী হোসেন ফকির। তিনি বলেন, ঈদযাত্রায় বেশি ভাড়া নেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ঈদকে ঘিরে বর্তমানে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।
আইজিপি জানান, ঈদের সময় মহাসড়কে অনেক সময় মানুষকে দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হয়। যেখানে-সেখানে গাড়ি পার্কিং ও অযাচিত কারণে যানজট তৈরি হওয়া ঠেকাতে ট্রাফিক বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, যত্রতত্র গাড়ি পার্কিং ও যাত্রী ওঠানামার কারণেও যানজট বাড়ে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও ট্রাফিক পুলিশ স্থানীয় পর্যায়ে কাজ করছে।
সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে ঈদযাত্রা আরও স্বস্তিদায়ক হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

