ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় শিশুসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে পাটগ্রাম উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শরিফুল ইসলাম (৩৫), তার স্ত্রী ও এক সন্তান। তারা হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরিফুল ইসলাম পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে চাকরি করতেন। ঈদের ছুটিতে সকালে স্ত্রী ও সন্তানদের নিয়ে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শরিফুলের স্ত্রী মারা যান।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরিফুল ও তার এক সন্তানকে মৃত ঘোষণা করেন।
আহত অপর শিশুকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল–এ পাঠানো হয়েছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।

