দেশের প্রান্তিক পোলট্রি খামারিরা ডিমের ন্যায্য মূল্য না পাওয়া, খাদ্য ও ওষুধের উঁচুমূল্য, বাজারে সিন্ডিকেট এবং সরকারি সহায়তার অভাবে চরম সংকটে পড়েছেন। উৎপাদন খরচ যেখানে প্রতি ডিমে প্রায় সাড়ে ৯ টাকা, সেখানে অনেক খামারি বিক্রি করছেন মাত্র সাড়ে ছয় টাকায়। ফলে গত চার মাস ধরে তাঁরা টানা লোকসান গুনছেন। অনেক খামারি ঋণের বোঝা বেড়ে খামার গুটিয়ে ফেলেছেন, কেউ পেশা পরিবর্তন করেছেন, আবার কেউ এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়েছেন।
সম্প্রতি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা সহ বিভিন্ন এলাকায় এ চিত্র লক্ষ্য করা গেছে। খামারিরা জানান, বাজারে ডিমের দাম কম থাকায় দীর্ঘদিন ধরে লোকসান করছেন। অনেকেই ঋণগ্রস্ত হয়ে খামার বন্ধ করেছেন। যারা এখনো টিকে আছেন, তাঁরাও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাসিন্দা রবিউল ইসলাম চকদার জানান, “একসময় আমার খামারে কয়েকজন কর্মচারী কাজ করতেন। কিন্তু নানা সমস্যার কারণে খামার বন্ধ হয়ে গেছে। এখন দারোয়ানের কাজ করছি। যৌবনের সব শক্তি দিয়ে খামার দাঁড় করিয়েছিলাম, রোগবালাই ও প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করেছি, কিন্তু শেষ পর্যন্ত সহায়তা না পেয়ে সব হারাতে হয়েছে।”
স্থানীয় খামারিদের অভিযোগ, বাজারে ডিমের দাম কম হলেও খুচরা বাজারে সেই ডিম বেশি দামে বিক্রি হয়। মধ্যস্বত্বভোগীরা এই পার্থক্যের বড় অংশ দখল করেন। খামারি খন্দকার জাহাঙ্গীর আলম বলেন, “প্রতি ডিমের উৎপাদন খরচ সাড়ে ৯ টাকা হলেও আমাকে বিক্রি করতে হচ্ছে সাড়ে ছয় টাকায়। গত চার মাস ধরে লোকসান করছি। আগে খামারে তিনজন কর্মচারী ছিল, এখন একজন দিয়েই চালাচ্ছি।”
তিনি জানান, একদিন বয়সী একটি বাচ্চা মুরগি কিনতে খামারিদের প্রায় ১০৫ টাকা খরচ হয়। এরপর ১৮ সপ্তাহ লালন-পালন করে মুরগিকে ডিম উৎপাদনের উপযোগী করতে হয়। এক হাজার মুরগি পালতে প্রায় সাড়ে আট লাখ টাকা ব্যয় হয়। কিন্তু উৎপাদন শুরু হওয়ার পরও ন্যায্য দাম না পাওয়ায় সেই খরচ তোলা কঠিন হয়ে পড়েছে।
খামারিদের অভিযোগ, বড় করপোরেট কম্পানিগুলো খাদ্য ও ওষুধের দাম বেশি রাখে এবং বাজারে প্রভাব খাটায়। ফলে প্রান্তিক খামারিরা প্রতিযোগিতায় টিকতে পারছেন না। অন্যদিকে সরকারি সুযোগ-সুবিধা ও সহজ শর্তে ঋণও বড় খামারিরাই বেশি পাচ্ছেন।
বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিপিআইএ) সভাপতি মোশারফ হোসেন চৌধুরী বলেন, “প্রান্তিক খামারিদের শ্রম ও ত্যাগের কারণে দেশে প্রায় ৫০ হাজার কোটি টাকার পোলট্রি শিল্প গড়ে উঠেছে। অথচ তাঁরা উপেক্ষিত ও সংকটে। যদি তাঁদের টিকিয়ে রাখা না যায়, তাহলে পুরো শিল্প কয়েকটি করপোরেট প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে চলে যেতে পারে।”
তিনি প্রান্তিক খামারিদের জন্য সহজ শর্তে ঋণ, বিদ্যুৎ ভর্তুকি এবং বাজার ব্যবস্থায় সংস্কারের দাবি জানিয়েছেন। পাশাপাশি বাজার ও আড়তে খামারিদের জন্য আলাদা বিক্রয়কেন্দ্র এবং মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছেন।

