প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নাগরিক হিসেবে সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্র ও সমাজের প্রতি দায়িত্ব সঠিকভাবে পালন করেন, তাহলে খুব দ্রুতই রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
শনিবার সকাল সোয়া ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ রমজানের ২৩তম দিনে ইমাম, খতিব, মুয়াজ্জিন ও বিভিন্ন ধর্মের ধর্মীয় গুরুদের সম্মানী ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, এ অনুষ্ঠানে এমন সব মানুষ একত্র হয়েছেন, যাঁদেরকে সমাজে কোনো বাধ্যবাধকতা ছাড়াই মানুষ সম্মান করে এবং জীবনের কঠিন মুহূর্তে যাঁদের কাছ থেকে মানুষ ভালো পরামর্শ আশা করে। অনুষ্ঠানে ইসলাম ধর্মের ইমাম-খতিব-মুয়াজ্জিনদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষরাও উপস্থিত ছিলেন।
তিনি বলেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষের জন্য আর্থিক সহায়তা ও কর্মসংস্থান সৃষ্টি করে বৈষম্য কমানোর প্রতিশ্রুতি সরকার নির্বাচনের আগে জনগণকে দিয়েছিল। জনগণের ভোটে সরকার গঠনের পর থেকেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।
তারেক রহমান জানান, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের জন্য ইতোমধ্যে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হয়েছে এবং পর্যায়ক্রমে এটি সারা দেশে চালু করা হবে। আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ থেকে চালু হবে ‘ফার্মার্স কার্ড’ বা কৃষক কার্ড। এছাড়া ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি শুরু হবে। একইসঙ্গে ইমাম, খতিব, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় গুরুদের জন্য আর্থিক সহায়তা কর্মসূচিও চালু হয়েছে, যা পর্যায়ক্রমে সারা দেশে বিস্তৃত করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করেই বাংলাদেশকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে চায় সরকার, যাতে কোনো ফ্যাসিবাদী শক্তি মানুষের স্বাধীনতা কেড়ে নিতে না পারে।
তিনি আরও বলেন, অর্থনৈতিক সমৃদ্ধি মানুষের আর্থিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করলেও ধৈর্য, সততা, কৃতজ্ঞতা, সহনশীলতা ও মানবিকতা ছাড়া একজন মানুষ পূর্ণাঙ্গ মানুষ হয়ে উঠতে পারে না। এসব গুণ অর্জনের জন্য ধর্মীয়, সামাজিক ও নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হওয়া জরুরি।
প্রধানমন্ত্রী জানান, দেশে প্রায় সাড়ে তিন লাখ মসজিদ রয়েছে। এসব মসজিদকে ধর্মীয়, সামাজিক ও নৈতিক শিক্ষা কার্যক্রমের কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। তিনি স্মরণ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর সময় দেশে প্রথম ‘ইমাম প্রশিক্ষণ একাডেমি’ চালু হয় এবং ১৯৯৩ সালে খালেদা জিয়া সরকারের সময় ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা’ কর্মসূচি চালু হয়েছিল।
তিনি জানান, সম্মানী ভাতা কর্মসূচির পাইলট প্রকল্পের আওতায় বর্তমানে চার হাজার ৯০৮টি মসজিদ, ৯৯০টি মন্দির ও ১৪৪টি বৌদ্ধ বিহারের মোট ১৬ হাজার ৯৯২ জন ধর্মীয় ব্যক্তি মাসিক সম্মানী পাচ্ছেন। পর্যায়ক্রমে সবাইকে এই কর্মসূচির আওতায় আনা হবে।
তারেক রহমান বলেন, ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি ইমাম, খতিব ও অন্যান্য ধর্মীয় প্রতিনিধিরা যদি অর্থনৈতিক বা সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হতে চান, সরকার সেই উদ্যোগ বাস্তবায়নেও সহায়তা করবে। প্রতিটি জেলার আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় একজন করে ধর্মীয় প্রতিনিধি অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও রয়েছে।
তিনি বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান—সব ধর্মের মানুষ মিলেই বাংলাদেশের ঐতিহ্য। সবাই মিলে একটি নিরাপদ ও সম্প্রীতির সমাজ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

