ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা–এ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ঢুকে একটি কলেজের কর্মচারী নিয়োগ পরীক্ষার কাগজপত্র নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক–এ ছড়িয়ে পড়েছে।
প্রশাসন ও দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার মেদিনী সাগর বিএম মহাবিদ্যালয়–এ পরিচ্ছন্নতাকর্মী ও আয়া পদে নিয়োগের জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। শুক্রবার ওই দুই পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে ইউএনও কার্যালয়ে নিয়োগ–সংক্রান্ত কার্যক্রম চলছিল।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন ইউএনও কার্যালয়ে যান এবং নিয়োগ প্রক্রিয়া বন্ধ করার দাবি জানান বলে অভিযোগ রয়েছে। তার সঙ্গে থাকা প্রায় ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী এ সময় ইউএনওর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। উপস্থিতদের মধ্যে উপজেলা বিএনপি নেতা ইরফান আলী, উপজেলা যুবদলের সভাপতি সাজ্জাদ হোসেন, যুবদল নেতা মো. ফারুক ও মোখলেসুর রহমানসহ আরও কয়েকজন ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাগ্বিতণ্ডার এক পর্যায়ে জামাল উদ্দিন ইউএনওকে উদ্দেশ করে বলেন, “আমি আমার মহাসচিবের সঙ্গে কথা বলে তারপর এখানে এসেছি। আপনি রাতে অফিসে কিছু কিছু ক্লায়েন্ট নিয়ে আসেন…”। জবাবে ইউএনও রায়হানুল ইসলাম বলেন, “রাতে অফিস করব কি না, সেটা আমার বিষয়। আমাদের অফিস ২৪ ঘণ্টা খোলা থাকে।”
এরপর জামাল উদ্দিন ইউএনওকে উদ্দেশ করে বলেন, “আপনি নিয়োগ নিয়ে বাণিজ্য শুরু করেছেন।” তখন উপস্থিত আরেকজন বলেন, আগের ইউএনও বিকাশ চন্দ্র বর্মন থাকাকালেও এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। জবাবে ইউএনও বলেন, “এই মব কালচার করে তখনও এমন ঘটনা ঘটানো হয়েছিল।”
বাগ্বিতণ্ডার একপর্যায়ে জামাল উদ্দিন অভিযোগ করেন, আওয়ামী লীগের ‘ফ্যাসিস্টদের’ নিয়োগ দেওয়া হচ্ছে। তখন ইউএনও বলেন, “অধ্যক্ষ যদি অবৈধভাবে কিছু করে থাকেন, তাহলে বোর্ডকে বলুন নিয়োগ বাতিল করতে। আমাদের কোনো সমস্যা নেই।”
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জামাল উদ্দিন তাঁর সঙ্গে থাকা লোকজনকে অধ্যক্ষকে বাইরে নিয়ে যাওয়ার কথা বলেন। এ সময় কয়েকজন হারুন অর রশিদ–এর কাছ থেকে নিয়োগ–সংক্রান্ত ফাইল নেওয়ার চেষ্টা করেন। পরে জামাল উদ্দিন কারিগরি শিক্ষা বোর্ডের প্রতিনিধি জাবেদ আলীর কাছ থেকেও নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে জানতে চান।
একপর্যায়ে বিএনপি নেতাকর্মীরা হট্টগোল শুরু করলে জামাল উদ্দিন কারিগরি শিক্ষা বোর্ডের প্রতিনিধির কাছ থেকে নিয়োগ–সংক্রান্ত কাগজপত্র নিয়ে নেন। তার সঙ্গে থাকা কয়েকজনও অধ্যক্ষের কাছ থেকে কিছু কাগজপত্র নিয়ে ইউএনও কার্যালয় থেকে বের হয়ে যান। অধ্যক্ষ হারুন অর রশিদ তাদের পিছু নেন।
অধ্যক্ষ হারুন অর রশিদ বলেন, “উপজেলা বিএনপির সভাপতি লোকজন নিয়ে এসে নিয়োগ পরীক্ষা বন্ধের জন্য ইউএনওকে হুমকি দেন। একপর্যায়ে তারা পরীক্ষার কাগজপত্র নিয়ে যান। আমি কাগজপত্র ফেরত দেওয়ার জন্য তাদের কাছে অনুরোধ করেছি।”
তবে অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন। তিনি বলেন, নিয়োগে অর্থ লেনদেনের তথ্য পাওয়ায় প্রতিবাদ জানাতে সেখানে গিয়েছিলেন। তাঁর দাবি, ইউএনও দরজা বন্ধ করে নিয়োগ পরীক্ষা নিচ্ছিলেন। পরে ছেলেরা বিষয়টি জানালে তিনি সেখানে যান এবং নিয়োগ–বাণিজ্যের অভিযোগে কথা কাটাকাটি হয়। কাগজপত্র নেওয়ার বিষয়ে তিনি বলেন, সেগুলো পরে ইউএনওর কার্যালয়েই ফেলে রেখে আসা হয়েছে।
এ বিষয়ে ইউএনও রায়হানুল ইসলাম বলেন, “উপজেলা বিএনপির সভাপতি নিয়োগ পরীক্ষা চলাকালে মব নিয়ে এসে পরীক্ষা বন্ধের দাবি জানান। রাজি না হওয়ায় তারা উচ্ছৃঙ্খল আচরণ করেন এবং একপর্যায়ে কাগজপত্র ছিনিয়ে নিয়ে চলে যান।” তিনি জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

