Monday, November 9

হাতে মেহেদির টকটকে লাল রং, পরনে খয়েরি বেনারসি—এই শাড়িতেই হয়েছিল বিয়ে। জীবনের নতুন অধ্যায়ের শুরুতে নববধূ সাজে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন মার্জিয়া আক্তার (মিতু)। কিন্তু সেই নতুন ঘরে আর পৌঁছানো হলো না তাঁর। স্বপ্নভরা যাত্রাপথেই থেমে গেল জীবনের সব গল্প।

বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকায় খুলনা–মোংলা মহাসড়কে বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে একটি মাইক্রোবাসের সঙ্গে নৌবাহিনীর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের আরোহী বর–কনেসহ ১৪ জন নিহত হন।

দুর্ঘটনার পর সন্ধ্যায় নিহতদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এর মধ্যে ছিল নববধূ মার্জিয়া আক্তারের নিথর দেহ। চিকিৎসকেরা পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। পরে স্ট্রেচারে করে তাঁর মরদেহ জরুরি বিভাগ থেকে হাসপাতালের মর্গে নেওয়া হয়। এ সময় সোনালি পাড়ের বিয়ের ওড়না দিয়ে ঢেকে দেওয়া হয় নববধূর দেহ। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক শোকের সৃষ্টি করেছে।

জানা যায়, গত বুধবার রাতে খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের নাকসা গ্রামের বাসিন্দা আবদুস সালাম মোড়লের মেয়ে মার্জিয়া আক্তারের সঙ্গে বাগেরহাটের মোংলা উপজেলার শ্যালাবুনিয়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে আহাদুর রহমান সাব্বিরের বিয়ে হয়। বিয়ের অনুষ্ঠান শেষে বরপক্ষের সদস্যরা রাতে কনের বাড়িতেই অবস্থান করেন।

পরদিন বৃহস্পতিবার সকালে কনের বাড়ি থেকে একটি মাইক্রোবাসে করে নবদম্পতিসহ স্বজনরা মোংলায় স্বামীর বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে খুলনা–মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটির সঙ্গে নৌবাহিনীর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমে চারজনের মরদেহ নেওয়া হয়। পরে একে একে নিহতদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে সেখানে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। নবদম্পতিসহ ১০টি মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ওসি জাফর আহমেদ জানান, মাইক্রোবাসটিতে চালকসহ ১৫ জন ছিলেন। তাঁদের মধ্যে ১৪ জনই ঘটনাস্থলে বা হাসপাতালে মারা গেছেন। একজন আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, মাইক্রোবাসটিতে বরপক্ষের ১১ জন, কনেপক্ষের তিনজন এবং চালকসহ মোট ১৫ জন যাত্রী ছিলেন। নিহত সবাই মাইক্রোবাসের যাত্রী।

Leave A Reply


Math Captcha
50 + = 56