Monday, November 9

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে Dhaka Metropolitan Police (ডিএমপি)। বৃহস্পতিবার (১২ মার্চ) প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে যান চলাচল নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত দেশের মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

এ ছাড়া ১৬ মার্চ থেকে ঈদযাত্রার যানবাহনের চলাচল নির্বিঘ্ন রাখতে জরুরি প্রয়োজন ছাড়া নগরীর অন্যান্য যানবাহনকে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক পরিহার করে বিকল্প পথ ব্যবহার করার অনুরোধ জানিয়েছে ডিএমপি। এসব সড়কের মধ্যে রয়েছে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের কুড়িল থেকে আব্দুল্লাহপুর অংশ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের গুলিস্তান থেকে সাইনবোর্ড অংশ, ঢাকা–আরিচা মহাসড়কের আরং ক্রসিং থেকে আমিনবাজার অংশ, ঢাকা–কেরানীগঞ্জ সড়কের ফুলবাড়িয়া থেকে বাবুবাজার ব্রিজ অংশ এবং ঢাকা–মাওয়া মহাসড়কের গুলিস্তান থেকে বুড়িগঙ্গা ব্রিজ অংশ। পাশাপাশি মোহাম্মদপুর বসিলা ক্রসিং থেকে বসিলা ব্রিজ, আব্দুল্লাহপুর থেকে ধউর ব্রিজ এবং ফুলবাড়িয়া থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল সড়কও এ তালিকায় রয়েছে।

গণপরিবহন মালিক ও শ্রমিকদের উদ্দেশে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তঃজেলা বাসগুলোকে টার্মিনালের ভেতর থেকেই যাত্রী উঠিয়ে সরাসরি গন্তব্যে যাত্রা করতে হবে এবং কোনো অবস্থাতেই সড়কের ওপর বাস দাঁড় করানো যাবে না। অনুমোদিত কাউন্টার বা স্টপেজ ছাড়া যাত্রী ওঠানামা করানো যাবে না এবং ঢাকা মহানগরে প্রবেশ বা বের হওয়ার পথে বাস পার্কিং করা যাবে না।

এছাড়া নির্ধারিত সময় অনুযায়ী বাস ছাড়তে হবে, অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না, একই সিটের টিকিট একাধিক যাত্রীর কাছে বিক্রি করা যাবে না এবং বাসের ছাদে যাত্রী বহন নিষিদ্ধ থাকবে। চালকদের ক্ষেত্রে গতিসীমা মেনে চলা, নিষিদ্ধ এলাকায় ওভারটেক না করা, মাদক সেবন বা অসুস্থ অবস্থায় গাড়ি না চালানো, বৈধ ড্রাইভিং লাইসেন্স ও হালনাগাদ কাগজপত্র রাখা এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

পথচারী ও যাত্রীদেরও সতর্ক থাকার আহ্বান জানিয়ে ডিএমপি বলেছে, নির্দিষ্ট টার্মিনাল বা কাউন্টার থেকে বাসে উঠতে হবে এবং অপরিচিত কারো দেওয়া খাবার বা পানীয় গ্রহণ করা যাবে না। ভ্রমণের সময় মালামাল নিজের দায়িত্বে রাখতে হবে এবং রাস্তা পারাপারে ফুটওভারব্রিজ, আন্ডারপাস বা জেব্রাক্রসিং ব্যবহার করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদের সময় সাধারণত প্রায় দেড় কোটির বেশি মানুষ ঢাকা মহানগর ছেড়ে দেশের বিভিন্ন জেলায় যান এবং প্রায় ৪০ লাখ মানুষ অন্য স্থান থেকে ঢাকায় প্রবেশ করেন। তাই ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি। জরুরি প্রয়োজনে টার্মিনালের পুলিশ কন্ট্রোল রুম অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave A Reply


Math Captcha
− 4 = 3