প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজকের এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ এবং দেশের মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকারের বক্তব্যের পর শুভেচ্ছা বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আজ থেকে স্পিকার আর কোনো দলের নন; তিনি পুরো সংসদের অভিভাবক। স্বাধীনতাপ্রিয় ও গণতান্ত্রিক জনগণ এই সংসদের দিকে আশা নিয়ে তাকিয়ে আছে এবং দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে সবাইকে কাজ করতে হবে।
তিনি বলেন, গত দেড় দশকের বেশি সময় ধরে দেশের মানুষের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। জনগণকে দুর্বল জনগোষ্ঠীতে পরিণত করা হয়েছিল এবং জাতীয় সংসদকে মানুষের অধিকার লুণ্ঠনকারীদের ক্লাবে পরিণত করা হয়েছিল।
তারেক রহমান আরও বলেন, বিগত সময়ে যারা নিজেদের সংসদ সদস্য পরিচয় দিতেন, তাদের কেউই জনগণের সরাসরি ভোটে নির্বাচিত ছিলেন না। কিন্তু বর্তমান সংসদ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত, তাই এটি সত্যিকারের জনগণের সংসদ।
তিনি বলেন, বিরোধিতার জন্য বিরোধিতা নয়; বরং যুক্তি, বিতর্ক ও গঠনমূলক আলোচনার মাধ্যমে সংসদকে প্রাণবন্ত করে তুলতে হবে। এ ক্ষেত্রে স্পিকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তব্যের শেষে স্পিকারকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য সংসদ সদস্যদের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

